মাইক্রোফাইন্যান্স খাতের বাস্তবধর্মী বিশ্লেষণ মাইক্রোফাইন্যান্স (ক্ষুদ্রঋণ) খাতে ৪৫ থেকে ৫০ বছর বয়সটি হলো পেশাজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে একজন কর্মকর্তা বা ব্যবস্থাপক সিদ্ধান্ত নেন—তিনি কি কেবল গতানুগতিক চাকরিই করে যাবেন, নাকি ভবিষ্যতের শীর্ষ নেতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করবেন।
অনেকেই ভাবেন—”আমি তো দিনরাত পরিশ্রম করছি, তাও আমার পদোন্নতি বা ক্যারিয়ারের বিকাশ হচ্ছে না কেন?”
বাস্তবতা হলো, বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটি যোগ্যতার নয়; বরং সঠিক ক্যারিয়ার পরিকল্পনা ও পেশাগত অবস্থান (Positioning) তৈরি করতে না পারার। এই স্থবিরতা কাটিয়ে ওঠার জন্য ৭টি জরুরি কৌশল নিচে আলোচনা করা হলো:
১. ‘হার্ড ওয়ার্ক’ নয়, করুন ‘রাইট ওয়ার্ক’
শুধুমাত্র ঋণ বিতরণ, আদায় কিংবা নিয়মতান্ত্রিক প্রতিবেদন (Report) তৈরি করার মধ্যেই নিজের কাজকে সীমাবদ্ধ রাখবেন না। আপনাকে ভালো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আয়ত্ত করতে হবে। নিজেকে প্রশ্ন করুন:
* রিস্ক ম্যানেজমেন্ট (Risk Management) বা ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে আমি কতটা জানি?
* পোর্টফোলিও কোয়ালিটি অ্যানালাইসিস (Portfolio Quality Analysis) করতে পারি কি?
* আমার স্টাফ ম্যানেজমেন্ট ও লিডারশিপ স্কিল (Leadership Skill) কেমন?
* ডিজিটাল মাইক্রোফাইন্যান্স (Digital Microfinance) সম্পর্কে কি আমার স্পষ্ট ধারণা আছে?
যারা শুধুমাত্র দৈনিক কাজের রুটিনে আটকে থাকেন, তারা একসময় স্থবির হয়ে পড়েন। আর যারা সময়ের সাথে নতুন দক্ষতা অর্জন করেন, তারাই দ্রুত এগিয়ে যান।
২. আপনার সিভি (CV) কি আপনার প্রকৃত অর্জন তুলে ধরছে?
অনেক কর্মকর্তার ১৫-২০ বছরের দীর্ঘ অভিজ্ঞতা থাকার পরও সিভিতে কেবল তাদের দৈনন্দিন দায়িত্বের একটি সাধারণ তালিকা লিখে রাখেন। এটি বড় ভুল। সিভিতে দায়িত্বের বদলে আপনার ‘অর্জন’ ফুটিয়ে তুলুন। যেমন, স্পষ্ট করে লিখুন—
* আপনি কতজন সদস্য, কতজন ঋণী, কত টাকার ঋণ স্থিতি (Loan Portfolio), কতটি শাখা এবং কত টাকার এফডিআর (FDR) সফলভাবে ব্যবস্থাপনা করেছেন।
* আপনার অধীনে কতজন ক্রেডিট অফিসার (CO), ব্রাঞ্চ ম্যানেজার (BM), এরিয়া ম্যানেজার (AM) বা প্রোগ্রাম ম্যানেজার (PM) কাজ করেছেন।
* আপনার মেয়াদে রিকভারি রেট (Recovery Rate) কত ছিল এবং পার (PAR – Portfolio at Risk) কতটা কমাতে পেরেছেন।
* আপনার হাত ধরে কতজন কর্মী ব্রাঞ্চ ম্যানেজার (BM) হিসেবে তৈরি হয়েছেন।
* বিভিন্ন বিশেষ প্রকল্প, যেমন—স্বাস্থ্য প্রকল্প, কৃষি প্রকল্প, ওয়াশ (WASH) প্রকল্প কিংবা ডিএমটি (DMT) প্রকল্পে আপনার সুনির্দিষ্ট অবদান ও তার ফলাফল। এই সংখ্যা এবং পরিসংখ্যানগুলোই বাজারে আপনার মূল্য বহুগুণ বাড়িয়ে দেবে।
৩. কমফোর্ট জোনের ভয়কে জয় করুন
অনেকেই বর্তমান প্রতিষ্ঠানে একটি নিরাপদ অবস্থানে (Comfort Zone) থেকে যান, যদিও সেখানে ভবিষ্যতের উন্নতির সুযোগ সীমিত। অবশ্যই ঘন ঘন চাকরি পরিবর্তন কোনো সমাধান নয়; তবে নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ এবং নতুন কিছু শেখার সুযোগ সবসময় লুফে নিতে হবে। ক্যারিয়ার বিকাশের সবচেয়ে বড় শত্রু হলো এই ‘কমফোর্ট জোন’। “অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (AD) আছি ভালো আছি, ডেপুটি ডিরেক্টর (DD) হলে অনেক ঝামেলা”—এমন নেতিবাচক ভাবনা আজই বন্ধ করুন।
৪. আনুগত্য গুরুত্বপূর্ণ, তবে দক্ষতার মূল্য আরও বেশি
প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য বা ‘লয়্যালটি’ অবশ্যই প্রশংসনীয় ও মূল্যবান। তবে শ্রমবাজারে আপনার মূল্য নির্ধারিত হবে আপনার ব্যক্তিগত দক্ষতা, নেতৃত্ব এবং জটিল সমস্যা সমাধানের সক্ষমতা দিয়ে। আপনি যদি—
* কমপ্লায়েন্স (Compliance) ভালো বোঝেন,
* ক্রেডিট রিস্ক (Credit Risk) সঠিকভাবে বিশ্লেষণ করতে পারেন,
* কার্যকর রিকভারি স্ট্র্যাটেজি (Recovery Strategy) তৈরি করতে পারেন,
* এবং একটি বড় টিমকে সফলভাবে নেতৃত্ব দিতে পারেন,
—তাহলে যেকোনো প্রতিষ্ঠানে আপনার চাহিদা ও মূল্যায়ন স্বাবলম্বীভাবেই বৃদ্ধি পাবে।
৫. নিজের ক্যারিয়ার রোডম্যাপ তৈরি করুন
একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করা জরুরি। নিজেকে জিজ্ঞাসা করুন—আগামী ৩ বছরে আমি নিজেকে কোন অবস্থানে দেখতে চাই?
ব্রাঞ্চ ম্যানেজার (Branch Manager)?
এরিয়া ম্যানেজার (Area Manager)?
রিজিওনাল ম্যানেজার (Regional Manager)?
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (Assistant Director)?
ক্রেডিট কো-অর্ডিনেটর (Credit Coordinator)?
হেড অফিস স্পেশালিস্ট (Head Office Specialist)?
নাকি রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স প্রফেশনাল (Risk & Compliance Professional)?
নির্দিষ্ট লক্ষ্য বা রোডম্যাপ না থাকলে আপনি প্রতিদিন হয়তো ভীষণ ব্যস্ত থাকবেন, কিন্তু ক্যারিয়ারে কাঙ্ক্ষিত অগ্রগতি আসবে না।
৬. কাজের পাশাপাশি নিজের ‘পার্সোনাল ব্র্যান্ড’ গড়ে তুলুন
বর্তমান করপোরেট বিশ্বে ‘পার্সোনাল ব্র্যান্ডিং’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য:
* আপনার লিংকডইন (LinkedIn) প্রোফাইলটি নিয়মিত আপডেট করুন।
* মাইক্রোফাইন্যান্স বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় প্রবন্ধ এবং ‘উইমেন্স মাইক্রোফাইন্যান্স ডায়েরি’ (Women’s Microfinance Diary)-র মতো প্রকাশনাগুলো নিয়মিত পড়ুন।
* পেশাদার প্রশিক্ষণ (Training) ও সার্টিফিকেট কোর্স সম্পন্ন করুন।
একটি শক্তিশালী প্রফেশনাল নেটওয়ার্ক গড়ে তুলুন।
* খাত সংশ্লিষ্ট মানুষ যখন আপনার নাম শোনার সাথে সাথে আপনার দক্ষতা ও সততার কথা মনে করবে, তখনই বুঝবেন আপনার পেশাগত ব্র্যান্ড তৈরি হয়েছে।
৭. অভিজ্ঞ মেন্টরের দিকনির্দেশনা নিন
মাইক্রোফাইন্যান্স সেক্টরে অনেক দক্ষ, অভিজ্ঞ এবং দূরদর্শী উচ্চপদস্থ কর্মকর্তা (বস) আছেন। পরিচিত এবং শ্রদ্ধেয় কোনো জ্যেষ্ঠ কর্মকর্তাকে আপনার ‘মেন্টর’ বা পথপ্রদর্শক হিসেবে বেছে নিতে পারেন। তাদের কাছ থেকে শিখুন—
* কীভাবে সংকটময় মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে হয়,
* কীভাবে প্রাতিষ্ঠানিক বিপর্যয় মোকাবিলা করতে হয়,
* এবং কীভাবে একটি বড় সংস্থাকে নেতৃত্ব দিতে হয়।
একজন যোগ্য মেন্টরের সঠিক পরামর্শ আপনার বহু বছরের ভুল পথচলা এবং ক্যারিয়ারের শ্রম বাঁচিয়ে দিতে পারে।
শেষ কথা
মাইক্রোফাইন্যান্স খাতে ক্যারিয়ার আটকে যাওয়ার প্রধান কারণ সাধারণত দক্ষতার অভাব নয়, বরং সঠিক দূরদর্শিতা ও পরিকল্পনার অভাব। তাই নিষ্ঠার সাথে কাজ করুন, ধারাবাহিকভাবে নতুন জ্ঞান অর্জন করুন, সচেতনভাবে পেশাদার নেটওয়ার্ক গড়ে তুলুন এবং নিজের নামকে একটি নির্ভরযোগ্য পেশাগত ব্র্যান্ডে পরিণত করুন।
সবসময় মনে রাখবেন—
“মাইক্রোফাইন্যান্স খাতে পদোন্নতি কেবল চাকরির বয়সের বা অভিজ্ঞতার পুরস্কার নয়; এটি আপনার দক্ষতা, নেতৃত্ব, সততা এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করার যোগ্যতার স্বীকৃতি।”
লেখক
মোঃ মোমিনুল ইসলাম
এমবিএ (এইচআরএম) | ডিপ্লোমা ইন মাইক্রোফাইন্যান্স , পিজিডি কমপ্লায়েন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট , রিকভারি স্পেশালিস্ট।
এনজিও বার্তা/এফ/এসএ